
মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইলের খিলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার আর নেই।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আবদুর রউফ সরকার মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি একজন সৎ, আদর্শবান ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় ব্যাপক সম্মান অর্জন করেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিনয়ী, সদালাপী ও মানবিক গুণাবলির অধিকারী।
তিনি বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবুবকর সরকার-এর বাবা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ বিকেল ৩টায় গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইলের খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। তাঁর মৃত্যুতে খিলগাঁওসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান মুক্তিযুদ্ধে তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।