
মো. হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবার গাজীপুরের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগ নিশ্চিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুস সালাম সরকার জানান, প্রশাসনিক নিয়ম অনুযায়ী নতুন সভাপতির দিকনির্দেশনায় খুব শিগগিরই ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সভা আহ্বান করা হবে এবং হাসপাতালের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত সরকারি চিঠিতে এ নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট জেলার কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে গাজীপুরে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী না থাকায় সদর আসন গাজীপুর-২-এর সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনিকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে সরকার।
রাজনৈতিক অঙ্গনে তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে পরিচিত এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে, চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে,এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও সাধারণ সেবাগ্রহীতারা।
গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সভাপতির নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি হবে।