মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার সিটি করপোরেশনের হল রুমে এ বাজেট ঘোষণা করেন।
ঘোষিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা এবং মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৮৪ লাখ টাকা। বাজেটে সম্ভাব্য সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৫১ লাখ টাকা।
বাজেট অনুযায়ী, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে আয় ধরা হয়েছে ৪৪৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ (সাধারণ তহবিল) থেকে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, উন্নয়ন সরকারি অনুদান থেকে ১ হাজার ৪০০ কোটি টাকা ও বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ২ হাজার ৫০১ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা।
ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৮৪১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৯০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩১ কোটি ৯৫ লাখ টাকা, উন্নয়ন রাজস্ব (নিজস্ব রাজস্ব প্রকল্প) খাতে ২৬২ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও জিওপি ভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নগরবাসীর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে। নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বাজেট বাস্তবায়নে নগরবাসী, জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে গাজীপুর সিটি করপোরেশনের মোট আয় নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৬৩৬ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ছিল ১ হাজার ২০৫ কোটি ৮০ লাখ ৪ হাজার টাকা।