সাইদ গাজী, সালথা, ( ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুর জেলা পুলিশ লাইনসের শহীদ সালাম সভা কক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। গত জুন (২০২৬) মাসে জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সামগ্রিক কর্মদক্ষতার অসাধারণ স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।
কল্যাণ সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও প্রশংসনীয় ভূমিকার জন্য ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন কোতোয়ালি থানার ওসির হাতে।
জুন"২৬ মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ২৭ জুলাই (সোমবার) রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের পক্ষ থেকে "মাহমুদুল হাসানকে" আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভাপতি শফিউল মঞ্জুর ফরিদ জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন চিত্র ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
তিনি স্পষ্ট করে জানান, সমাজ থেকে মাদক বিস্তার ও ক্রমবর্ধমান অনলাইন জুয়া রুখতে সংবাদকর্মী ও সাধারণ জনগণ জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এ সকল অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময়কালে পুলিশ ও সাংবাদিক সমাজের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন, কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুকান্ত দত্ত এবং অপারেশন অফিসার অহিদুজ্জামান, ফরিদপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ ফায়াদ আহমেদ, রিপোর্টার্স ক্লাব নগরকান্দার আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা, সদস্য সচিব মোঃ রুবেল চোকদার, রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সদস্য মোঃ মামুন রহমান, মোঃ রেজাউল করিম বাবলু, নাছরিন সুলতানা, গালিব আহাম্মেদ, মুন্না সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত অপরাপর পুলিশ কর্মকর্তাদেরও অভিনন্দন জানান। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকা পালন, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, দ্রুত প্রসিকিউশন দাখিল এবং দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনার জন্য তাঁদের এই স্বীকৃতি অত্যন্ত সময়োপযোগী বলে মন্তব্য করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের গতি ও মনোবল বৃদ্ধি করতে নিয়মিত এই ধরনের কল্যাণ সভা ও পুরস্কার প্রদান কর্মসূচির আয়োজন করার জন্য ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ধন্যবাদ জানানো হয় এবং জেলাজুড়ে এই ইতিবাচক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।