মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পুলিশ সুপারের সঙ্গে রিপোর্টার ক্লাবের সৌজন্য সাক্ষাৎ পটুয়াখালীতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী  এসএসসিতে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী।  আশুগঞ্জে ড্রেজার জব্দ, ৩ জনের কারাদণ্ড শাহজালাল বিমানবন্দর এলাকায় গাড়িতে মিলল পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ, চালক পলাতক লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, এসআই আহত মাদক নির্মূলে লালমনিরহাটে র‍্যাব-১৩-এর সচেতনতা মূলক সভা- প্রকাশিত প্রতিবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: প্রতিমন্ত্রী শরিফুল আলম সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার

আশুগঞ্জে ড্রেজার জব্দ, ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারাকৃত বালুমহলের বাইরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার পরিচালনার সাথে জড়িত তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

 

রোববার (৯ আগস্ট) দুপুরে মেঘনা নদীর আশুগঞ্জ অংশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডিতরা হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরডাইয়া গ্রামের বাচ্চু তালুকদারের ছেলে মো. রাকিবুল (২২), ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদি গ্রামের লোকমান মিয়ার ছেলে মো: সিরাজ (৪০) এবং নরসিংদীর রায়পুরা এলাকার গোলাপ মিয়ার ছেলে মো: দীন ইসলাম।

 

এদিকে, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর আশুগঞ্জ অংশে ইজারার বাইরে বালু উত্তোলনের অভিযোগ করে আসছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে চর সোনারামপুরসহ নদী তীরবর্তী এলাকা নদীভাঙনের ঝুঁকিতে পড়ছে। বসতভিটা ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

 

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে সম্প্রতি টানা দুই দিন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় তারা ঝাড়ু মিছিল, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গুগল ম্যাপে প্রদর্শিত চর সোনারামপুর থেকে প্রায় এক হাজার ২০০ মিটার পূর্বে এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের কলোনি থেকে প্রায় ৬০০ মিটার উত্তর-পূর্বে মেঘনা নদীর একটি এলাকায় পাঁচটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানে স্থানটি ভৈরব-আশুগঞ্জ আন্তঃসীমানা রেখা থেকে আশুগঞ্জের দিকে প্রায় ১০০ মিটার ভেতরে বলে শনাক্ত করা হয়।

 

মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পাঁচটি ড্রেজারই ভৈরব সীমানার দিকে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় অভিযান পরিচালনাকারীরা ড্রেজারগুলোকে ধাওয়া করেন। একপর্যায়ে ‘এম বি মায়ের দোয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ড্রেজারকে আশুগঞ্জ সীমানার ভেতরে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় জব্দ করা হয়।

 

এ সময় ড্রেজারটির অপারেটর মো: রাকিবুলকে আটক করা হয়। নদীতে তাদের অবস্থান নিশ্চিত করতে গুগল ম্যাপে অবস্থান দেখাতে বলা হলে তিনি জানান, তারা আশুগঞ্জ উপজেলার সীমানার ভেতরে অবস্থান করছেন। তিনি আরো জানান, ওই স্থানটি তাদের নির্ধারিত বালুমহল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।

 

আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, ইজারাকৃত বালুমহলের বাইরে গিয়ে আশুগঞ্জ অংশে বালু উত্তোলনের বিষয়টি অভিযানে স্পষ্টভাবে ধরা পড়ে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ড্রেজার পরিচালনার সাথে জড়িত তিনজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। জব্দ করা ড্রেজারটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশের জিম্মায় দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews