নড়াইল প্রতিনিধি:
মোঃ শওকত আলী
নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আহত এসআইয়ের নাম খোকন হাওলাদার (৫২)। তিনি লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ড এলাকার শ্যামার চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
আহত এসআই খোকন হাওলাদার বরিশাল জেলার উজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের ঢহরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হারুন নামে এক ব্যক্তির কাছে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে এবং তিনি লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ড এলাকায় শ্যামার চায়ের দোকানে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার সন্ধ্যায় শ্যামার চায়ের দোকানে অভিযান শুরু করে। এ সময় হারুন, শ্যামা, লুৎফরসহ প্রায় ২০ থেকে ২৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
হামলায় এসআই খোকন হাওলাদার মাথায় গুরুতর আঘাত পান। এ সুযোগে হামলাকারীরা ঘটনাস্থল থেকে মাদকসহ পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
পরে সঙ্গে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আহত এসআই খোকন হাওলাদারকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হিমেল জানান, এসআই খোকন হাওলাদারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষতস্থানে দুইটি সেলাই দেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর তার আঘাতের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়দের অভিযোগ, কচুবাড়িয়া গ্রামের হারুন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। শ্যামা ও লুৎফর নামে স্থানীয় দুই ব্যক্তি তার সহযোগী হিসেবে কাজ করেন বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে হারুন ও তার স্ত্রীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকসহ গ্রেপ্তার করেন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। প্রায় এক মাস কারাভোগের পর তারা জামিনে মুক্তি পান বলে জানা গেছে।
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।