মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত জাকিয়া আক্তার নাইঘর নোয়াপাড়া গ্রামের ফজলু মিয়ার নাতি ও পেশায় টাইলস মিস্ত্রি জুয়েল মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকালে শিশু জাকিয়া বাড়ীর আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে আর দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ীর পাশের পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখা যায়। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাকিয়াকে মৃত ঘোষণা করেন।
একমাত্র অবোধ কন্যাসন্তানের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিষ্পাপ শিশুটির মর্মান্তিক এই বিদায়ে পুরো নাইঘর নোয়াপাড়া এলাকায় শোকের মাতম চলছে।