রিপোর্টার : সোহেল রানা
বোসরা ইসলামকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (পিআরও) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার স্থলে মহিউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই আদেশ বোসরা ইসলামকে ব্যবস্থাপনা পরিচালকের দফতরে সংযুক্ত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, টরন্টো-ঢাকা ফ্লাইট ইতালির রোমে আটকে ৪০ ঘণ্টার চরম ভোগান্তির ঘটনা ধামাচাপা দিতে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সরবরাহ করেছেন তিনি।
এদিকে সংশ্লিষ্ট ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেবে। ওই রিপোর্টের ভিত্তিতেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে। বিমানের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ফ্লাইট বিজি-৩০৬-এর রোমে জরুরি অবতরণের পর জনসংযোগ বিভাগ থেকে একটি বিভ্রান্তিকর প্রেস রিলিজ গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে ঘটনার তীব্রতা আড়াল করে অসত্য তথ্য দেওয়া হয়। বিষয়টি শীর্ষ কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া হয়।
সূত্র আরও জানায়, পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দ্রুত এগোচ্ছে। অবহেলা ও গাফিলতি প্রমাণিত ক্রু সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে। টরন্টো থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৩০৬ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ভিসা জটিলতায় প্রায় ১৭০ বাংলাদেশি যাত্রী টানা ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জের মেঝেতে রাত কাটান। যুক্তরাষ্ট্র ও কানাডার পাসপোর্টধারী যাত্রীদের অবশ্য হোটেলে নেওয়া হয়। পরে ঢাকা থেকে বিশেষ প্রকৌশলী দল গিয়ে বিমানটি মেরামত করলে স্থানীয় সময় শনিবার রাতে উড্ডয়ন শেষে রবিবার দুপুর সোয়া ১২টায় ঢাকায় অবতরণ করে। অবতরণের পর যাত্রীদের তোপের মুখে পড়ে বিমান কর্তৃপক্ষ।