বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
গণপূর্তে বহুরূপী মহাবাজিতে দপ্তর চালাচ্ছেন প্রধান প্রকৌশলী  স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫বছরের শিক্ষার্থীর মৃত্যু কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক…. ব্রাহ্মণপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বদলি হয়েও বদলাননি শিক্ষক রাকিবুল, গুরুতর অভিযোগ ‘সালিশে’ মীমাংসা নিয়ে প্রশ্ন গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে অস্ত্রের মহড়া- সাংবাদিককে রামদার কোপ প্রধান শিক্ষককে বিদায় দিতে কান্নায় ভারী বিদ্যালয় প্রাঙ্গণ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বিমানের ত্রুটিতে রোমে যাত্রী দুর্ভোগ, প্রশাসনিক ব্যবস্থায় পদ হারালেন জনসংযোগ কর্মকর্তা বোশরা ইসলাম রাজউকের চূড়ান্ত নোটিশও কাজে আসেনি রাজধানীর মিরপুরের অবৈধ ভবন নির্মাণ করে অকুপেন্সী সার্টিফিকেট ছাড়াই বসবাস  লাগামহীন লোডশেডিংয়ে বিপর্যস্ত লৌহজংয়ের জনজীবন

ব্রাহ্মণপাড়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ বদলি হয়েও বদলাননি শিক্ষক রাকিবুল, গুরুতর অভিযোগ ‘সালিশে’ মীমাংসা নিয়ে প্রশ্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ রেজাউল করিম (ব্যুরোচীফ কুমিল্লা)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক রাকিবুল ইসলামের বিরুদ্ধে। পড়া বলতে না পারায় শাস্তি দেওয়ার নামে শ্রেণিকক্ষে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগ করেছে তার পরিবার।
গত রোববার (৯ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয় ও জিরুইন এলাকায় ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর তা আইনগতভাবে মোকাবিলা না করে ‘সামাজিক সালিশে’ মীমাংসার উদ্যোগ নেওয়ায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রোল কল শেষে সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম ওই ছাত্রীকে পড়া জিজ্ঞেস করেন। পড়া বলতে না পারায় শাসনের একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানার পর ওই দিন বিকেলেই শিক্ষার্থীর দাদা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের কাছে গিয়ে অভিযোগ করেন এবং ঘটনার বিচার দাবি করেন।

আগেও একই ধরনের অভিযোগ!
খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষক রাকিবুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে তিনি নাইঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায়ও এক শিক্ষার্থীর সঙ্গে অনুরূপ আচরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার পর তাকে শাস্তিমূলকভাবে জিরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তবে বর্তমান অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম। তিনি বলেন, “ঘটনার দিন চতুর্থ শ্রেণিতে আমার প্রথম ক্লাস ছিল। রোল কলের পর ওই ছাত্রীর কাছে পড়া জানতে চাইলে সে বলতে পারেনি। আমি তাকে সাধারণ শাসন করেছি মাত্র। কোনো স্পর্শকাতর স্থানে হাত দেওয়া কিংবা অশ্লীল ঘটনার প্রশ্নই ওঠে না।”
অভিযোগের পর ‘সালিশ’, ক্ষমা চেয়েছেন শিক্ষক
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন জিরুইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক। তিনি জানান, বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
প্রধান শিক্ষক বলেন, “ওই দিন বিকেলে ছাত্রীর দাদা আমার কাছে এসে বিচার চান। বিষয়টির গুরুত্ব বুঝে পরদিন ১০ আগস্ট সময় নির্ধারণ করি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠকের মাধ্যমে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করা হয়। সেখানে সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।”
তবে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ কোনো তদন্ত বা আইনগত প্রক্রিয়ার পরিবর্তে সামাজিক সালিশের মাধ্যমে মীমাংসা করা কতটা যৌক্তিক—এ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহলের অনেকে। বিশেষ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অতীতেও একই ধরনের অভিযোগ থাকার বিষয়টি সামনে আসায় ঘটনাটি যথাযথভাবে তদন্তের দাবি উঠেছে।
শিক্ষা কর্মকর্তার বক্তব্য
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ হালিমা পারভীন বলেন, “বিষয়টি সম্পর্কে প্রধান শিক্ষক আমাকে অবহিত করেছেন। এটি অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক একটি ঘটনা। তবে প্রধান শিক্ষক পরে আমাদের জানিয়েছেন যে, ঘটনার পরদিন এটি সামাজিকভাবে নিষ্পত্তি করে ফেলা হয়েছে।”
জানেন না ইউএনও, অভিযোগ পেলে ব্যবস্থা

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানানো হলে বা লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews