
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি ও ডাকাতির প্রস্তুতি মামলার সন্দেহভাজনসহ বিভিন্ন অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন মেট্রো থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুর মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে বাসন মেট্রো থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি, ডাকাতির প্রস্তুতি মামলায় তদন্তে সন্দেহভাজন এবং জিএমপি অধ্যাদেশে প্রসিকিউশনভুক্ত আসামি রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আউটপাড়া এলাকার তারিফ মাহমুদ (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
একই অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে বাসন সড়কের ১৬ নম্বর মুন্সীবাড়ী এলাকার সাদ্দাম ওরফে কালা সাদ্দাম (৩৩)-কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া জিএমপি অধ্যাদেশে প্রসিকিউশনের আওতায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—আমির হামজা (২৪), নাহিদ হাসান (১৯), ইমরান হোসেন (২০) ও জসীম (২১)। তাদের মধ্যে কয়েকজন দেশের বিভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বাসন থানা পুলিশ জানায়, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবারের অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা ও আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ধারাবাহিক এ অভিযান বাসন থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।