নড়াইল প্রতিনিধি:
মোঃ শওকত আলী
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে শনিবার আনুমানিক সকাল ১১টার দিকে পানিতে ডুবে সেখ রাফি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাফি ওই গ্রামের সেখ মিজানুর রহমানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায় রাফি। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাফিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।