মোঃগোলাম রাব্বী স্টাফ রিপোর্টার:- "রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এ শ্লোগান ও মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বার্তা নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এ জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে সড়ক র্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
এর আগে সার্কিট হাউজের পুকুরে রুই কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে মৎস্য খাতের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ এবং মৎস্যসম্পদের সঠিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি অ্যাডঃ মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মাকসুদ আহমেদ বায়েজীদ পান্না।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হবে বলে জেলা মৎস্য কর্মকর্তা জানান।