
মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৩ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার সহদেবপুর ইউনিয়নের পৌজান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্টদের কাছ থেকে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের মুরগির ফিডের দোকান, বাবুর টেলিভিশন মেকানিকের দোকান, আব্দুল কাদেরের জুতার দোকান, রাজীব কুমারের সেলুন, সোহেল রানার মুরগির ফিডের দোকান এবং সাধন চন্দ্র সাহার মনিহারি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিক হিসাবে সজল চন্দ্র সাহা ও গৌতম কুমার দেবের দোকান ও মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকা, বাবুর টেলিভিশন মেকানিকের দোকানে প্রায় ২ লাখ টাকা, আব্দুল কাদেরের জুতার দোকানে প্রায় ২ লাখ টাকা, রাজীব কুমারের সেলুনে প্রায় ৫০ হাজার টাকা, সোহেল রানার মুরগির ফিডের দোকানে প্রায় ১ লাখ টাকা এবং সাধন চন্দ্র সাহার মনিহারি দোকান ও মালামাল পুড়ে প্রায় ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এ বিষয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, আমরা রাত ১২টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের প্রায় ১০ মিনিট সময় লাগে। ফায়ার সার্ভিসের এক ইউনিটে আটজন সদস্য ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।