
ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে ‘মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯-২০২৫’ প্রদান অনুষ্ঠান। আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানটি আয়োজিত হওয়ার কথা ছিল।
জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ আজ এক জরুরি সিদ্ধান্তে অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে।
একাডেমি সূত্রে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত মুন্সীগঞ্জের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখায় এবার মোট ৩৫ জন গুণী শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সংগঠনকে এই সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের উপস্থিত থাকার কথা ছিল।
অনুষ্ঠান স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. এরশাদ হাসান বলেন, “কিছু অনিবার্য পরিস্থিতির কারণে ১৩ সেপ্টেম্বরের নির্ধারিত সম্মাননা অনুষ্ঠানটি স্থগিত করতে হয়েছে। তবে সম্মাননা প্রদানের নতুন তারিখ ও সময় পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে।”