ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে দেশব্যাপী তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর (শনিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই বিশেষ অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের মতো মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান থাকবে।
মুন্সীগঞ্জ প্রান্তের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, স্থানীয় সরকারের উপপরিচালক মিজ্ মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্বেচ্ছাসেবী সংগঠক, বিএনসিসি, রেডক্রস, গার্লস গাইড, স্কাউট, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এই আয়োজনে অংশ নেন।
জেলাজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এই সময়ে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য।
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহিদ মুক্তিযোদ্ধাদের নামসম্বলিত স্মৃতিফলক প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি পরবর্তীতে মুন্সীগঞ্জ বাজারসহ শহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।