মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আজকের সভায় যেসব সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন কতটা হয়েছে—পরবর্তী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সবার আগে তা পর্যালোচনা করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন, সিভিল সার্জন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকসহ আনসার, বিজিবি, কারাগার, এনএসআই, ডিজিএফআই, পাসপোর্ট, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসিসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর।
প্রধান অতিথি হাবিবুর রশিদ, এমপি বলেন, আজকের সভায় যেসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, পরবর্তী সভায় সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সবার আগে আলোচনা করা হবে। অর্থাৎ শুধু আলোচনা নয়, সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিও নিয়মিতভাবে পর্যালোচনা করা হবে।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত, নিরাপদ ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে সভার সভাপতি জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সমাপ্তি ঘোষণা করেন।