
রিপোর্টার : সোহেল রানা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ নজরদারিতে পৃথক তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, ভেপ ও মোবাইল ডিসপ্লে আটক করা হয়েছে। আটক পণ্যের মধ্যে রয়েছে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪ পিস ভেপ ও ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের বি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আগত সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করেন।
নজরদারির একপর্যায়ে দুবাই থেকে ঢাকায় আসা Emirates Airlines-এর EK584 ফ্লাইটের যাত্রী Abdul Karim গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগেজের ইনভেন্টরি করে সেখান থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়।
একই দিনে মালয়েশিয়া থেকে আগত AirAsia-এর AK71 ফ্লাইটের যাত্রী Shepon-এর ব্যাগেজ তল্লাশি করে ৪৪ পিস ভেপ আটক করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আগত US-Bangla Airlines-এর BS326 ফ্লাইটের দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুলসংখ্যক মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়। যাত্রী KM Tofail Ahmed-এর কাছ থেকে ৯৮ পিস এবং Shamima Akter-এর কাছ থেকে ৪৬ পিস মোবাইল ডিসপ্লে আটক করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসাব অনুযায়ী, পৃথক তিনটি আন্তর্জাতিক ফ্লাইটে অভিযান চালিয়ে আটক করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সূত্র জানায়, একই দিনে পৃথক আন্তর্জাতিক রুট থেকে বিপুল পরিমাণ বিদেশি পণ্য ব্যাগেজে করে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এসব পণ্যের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না এবং এর নেপথ্যে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হবে।