
ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক অজ্ঞাতপরিচয় (৪০) নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বেজগাঁও এলাকার যাত্রীছাউনীর পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে, এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের বেজগাঁও যাত্রীছাউনীর পাশে এক নারী আহত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় বা ঠিকানা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ভোরবেলায় এক্সপ্রেসওয়ে পারাপারের সময় দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এই দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মহাসড়ক পারাপারের সময় পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুতগতির এই এক্সপ্রেসওয়েতে জীবনের ঝুঁকি নিয়ে অসতর্কভাবে রাস্তা পার না হয়ে, নির্ধারিত ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি।