
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বারবার ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানিয়ে গতকাল অনুষ্ঠিত মানববন্ধনের পরদিনই এর বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। গতকাল কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু উপস্থিত হয়ে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, আমরা বিষয়টি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে জানাবো। তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেবেন। এরই ধারাবাহিকতায় প্রতিশ্রুতির পরদিনই সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাধ্যমে বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে আজ সকালে।
কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের সামনে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল স্পিড ব্রেকার নির্মাণ। কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত উদ্যোগ নেওয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম বলেন, বিদ্যালয়ের সামনে প্রতিনিয়ত শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল থাকে। এখানে স্পিড ব্রেকার নির্মাণ হলে যানবাহনের গতি নিয়ন্ত্রণ হবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে। প্রতিশ্রুতির পরদিনই কাজ শুরু হওয়ায় আমরা সন্তুষ্ট। এ উদ্যোগের জন্য সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে ধন্যবাদ জানাই।
স্থানীয়রা জানান, ব্যস্ত সড়কের পাশে বিদ্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, রোগী ও সাধারণ মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে এখানে যানবাহনের গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকারের দাবি ছিল। নির্মাণকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে স্পিড ব্রেকার নির্মাণের উদ্যোগ নেওয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক পরিষদ, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।