তহিদুল ইসলাম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং কিচক ইউনিয়নের শোলা গাড়ি হাজিপুর খেলার মাঠে মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে এক জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি’ বার্তা ছড়িয়ে দিতে এবং তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ করে দিতে এই ওয়ার্ড ভিত্তিক ফুটবল খেলার আয়োজন করা হয়।
উক্ত ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে ২ নং ওয়ার্ড এবং ৯ নং ওয়ার্ড। টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে ২-০ গোলে জয়লাভ করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে ৯ নং ওয়ার্ড।
আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং কিচক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব দোজা ফকির। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং কিচক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "একটি আলোকিত ও মাদকমুক্ত কিচক ইউনিয়ন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমাদের তরুণেরা মাঠে থাকবে, খেলায় মাতবে—তবেই সমাজ থেকে অপরাধ ও মাদক দূর হবে। যুবসমাজের সার্বিক উন্নয়নে আমি সবসময় তাদের পাশে থাকব।"
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরিচালনা করেন আলহাজ্ব আনিছুর রহমান। শোলা গাড়ি হাজিপুর মাঠজুড়ে এ সময় হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপচে পড়া ভিড় ও উল্লাস লক্ষ্য করা যায়।