ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সিগঞ্জের শ্রীনগরে রাস্তার পাশের একটি আবাদি জমি থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহে পচন ধরে বিকৃত হয়ে যাওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আঙুলের ছাপের সাহায্যেও তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসাড়া-সিংপাড়া কেসি রোডের পাশের একটি আবাদি জমি থেকে শ্রীনগর থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, ৩-৪ দিন আগে অন্য কোনো এলাকায় হত্যাকাণ্ড ঘটিয়ে মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেসি রোড দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন তীব্র দুর্গন্ধ পান। পরে রাস্তার পাশের জমিতে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের পরনে একটি সাদা রঙের টি-শার্ট ছিল, যার সামনে ‘ভাই ভাই একাদশ’ এবং ‘সৌজন্যে: জাকিয়া এন্টারপ্রাইজ’ লেখা রয়েছে। এছাড়া মরদেহের কোমরে দুটি চাবিসহ একটি রিং পাওয়া গেছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, উদ্ধার হওয়া মরদেহের চোখ, মুখ ও নাক বিকৃত হয়ে গেছে এবং শরীরে পোকা ধরেছে। আঙুলের ছাপ নেওয়ার মতো পরিস্থিতি না থাকায় বিকল্প পদ্ধতিতে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কামরান হাসান জানান, নিহত ব্যক্তির কোমরে পাওয়া চাবিগুলো কোনো ছোট তালার বা অটোরিকশার চাবি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকায় সাম্প্রতিক নিখোঁজের তালিকাগুলো খতিয়ে দেখার পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য অন্যান্য জেলার থানায় বার্তা পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে তদন্ত চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।