মোঃ আনিসুর রহমান শেলী : টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন আগামী ৩ অক্টোবরের মধ্যে শোকজ প্রত্যাহার না করলে মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ডাক দেয়া হবে। উল্লেখ্য, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ বোর্ডের সদস্য ও জাতীয় শিক্ষক নেতা একেএম আব্দুল আউয়ালের বিরুদ্ধে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ বিধিবহির্ভূতভাবে শোকজ করায় এ সিদ্ধান্ত নিয়েছেন টাঙ্গাইল জেলার বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে বেআইনি শোকজ প্রত্যাহারের দাবী জানান।
সংগঠনটির জেলা সভাপতি, কেন্দ্রীয় বাকশিসের প্রেসিডিয়াম সদস্য একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে ২৩ সেপ্টেম্বর মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভায় নবম পে-স্কেল দ্রুত প্রজ্ঞাপন জারি,পে-স্কেলের বৈষম্য দূরীকরণ, চাকরির বয়সসীমা বছরে উন্নীত করণ বিষয়েও নেতৃবৃন্দ আলোচনা করেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাছেদ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি আঃ কাদের, টাঙ্গাইল জেলা কারিগরি শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান,টাঙ্গাইল সদর বাকশিসের সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা শহীদুল ইসলাম,সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুল বাশার তারেক, সিনিয়র সহ-সভাপতি জহুরুল হক প্রমুখ।
আলোচনা সভায় সকল শিক্ষক নেতৃবৃন্দ অবিলম্বে একেএম আব্দুল আউয়ালের শোকজের বিষয়ে কঠোর বক্তব্য রাখেন এবং অবিলম্বে তাঁর শোকজ প্রত্যাহার করার আহ্বান জানান। ৩ তারিখের পূর্বে শোকজ প্রত্যাহার না করলে ৩ তারিখ থেকেই মানব বন্ধনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সভাপতি ব্যারিস্টার সারোয়াত সিরাজ শুক্লা ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন এবং জামানত হারিয়েছিলেন।