ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জ জেলায় যেকোনো জরুরি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 'কুইক রেসপন্স টিম' (QRT) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) জনাব মো. মেনহাজুল আলম পিপিএম।
সভায় জানানো হয়, আকস্মিক কোনো আইনশৃঙ্খলাজনিত সমস্যা বা জরুরি পরিস্থিতির উদ্ভব হলে এখন থেকে সংশ্লিষ্ট নির্দিষ্ট ইউনিটের জন্য অপেক্ষা না করে, সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে এই কুইক রেসপন্স টিম। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পুলিশি সাড়া নিশ্চিত করতেই এই সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সভায় মুন্সীগঞ্জ জেলার প্রতিটি থানার প্রতিনিধি ছাড়াও জেলায় কর্মরত অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সভায় দলটির গঠন প্রক্রিয়া ও সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে জানানো হয়, সংশ্লিষ্ট সকল ইউনিটের সমন্বয়ে দ্রুতই কুইক রেসপন্স টিমের সদস্যদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তালিকা প্রণয়ন শেষে জেলার বিভিন্ন অপরাধপ্রবণ স্পটগুলোতে সমন্বিত অভিযান পরিচালনা করবে নবগঠিত এই টিম।