ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার-
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় দৈনিক প্রথম আলোর আয়োজনে সংবর্ধনা পেয়েছেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কৃতি শিক্ষার্থী নাজিফা খান। তিনি উপজেলার কাজির পাগলা অভয় তালুকদার ইনস্টিটিউটের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুরে ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠ প্রাঙ্গণে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
দৈনিক প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গুণী ব্যক্তিরা উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত নাজিফা খান বলেন, “প্রথম আলোর এই সংবর্ধনা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো করার এবং দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমার এই সফলতার পেছনে শিক্ষক ও পরিবারের অবদান সবচেয়ে বেশি।”
নাজিফা খানের এই সাফল্যে তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তার বাবা গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ফৌজি হাসান খান রিকু বলেন, “নাজিফা ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী। তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আগামী দিনে সে আরও বড় হয়ে দেশের সেবা করতে চায়—এটাই আমাদের প্রত্যাশা।”
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে দেশব্যাপী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম আলো।