মো. মিজানুর রহমান (পলাশ), ফেনী প্রতিনিধি
ফেনীতে সড়কে অস্থায়ী চেকপোস্টে দায়িত্ব পালনকালে ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রাম-এর কর্মরত ওয়ারেন্ট অফিসার ডিএজি মোহাম্মদ আলমগীর নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
এসআরবি-৭-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই রাতে ফেনী ক্যাম্পের একটি টহল দল মহাসড়কের ফতেহপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যানকে থামানোর সংকেত দেওয়া হলে সেটি সড়কের পাশে থেমে যায়। কাভার্ডভ্যানটি তল্লাশির সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চেকপোস্টে দায়িত্ব পালনরত ওয়ারেন্ট অফিসার ডিএজি মোহাম্মদ আলমগীরকে সজোরে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় ট্রাকচালকও আহত হয়েছেন।
নিহত মোহাম্মদ আলমগীর সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭, চট্টগ্রাম-এর ফেনী ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি বিবাহিত ছিলেন এবং পাঁচ সন্তানের জনক। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়। তার মাতৃ ইউনিট ১৪ বীর সেনানিবাস।
এ ঘটনায় এসআরবি-৭-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনাকবলিত যানবাহনও হেফাজতে নেওয়া হয়েছে।
মো. মিজানুর রহমান (পলাশ)
ফেনী প্রতিনিধি