ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সোমবার (৫ অক্টোবর) উপজেলার তেউটিয়া, বেজগাঁও ও কনকসার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেন তারা।
পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান এবং লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম।
মণ্ডপ পরিদর্শনের সময় কর্মকর্তারা পূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপক সরঞ্জামের উপস্থিতি এবং জরুরি যোগাযোগের জন্য প্রয়োজনীয় ফোন নম্বরের তালিকা দৃশ্যমান স্থানে রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখেন।
এ সময় দর্শনার্থী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপ কমিটিকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক সক্রিয় রাখা, সতর্ক অবস্থান গ্রহণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও পুলিশকে অবহিত করা।
প্রশাসনের কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ, নিরাপদ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তারা পূজার আনন্দ অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।