উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে কুড়িগ্রামে উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মতলেবুর রহমান মঞ্জু, অধ্যাপক সোলায়মান আলী, উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ।
আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উলিপুরে গত ৩১ আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও এ টি এম আরিফ সভাপতিত্ব করেন।