ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
পুলিশ সুপার আরও বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। জেলার প্রতিটি মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারেন এবং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, সে জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।