রিপোর্টার : সোহেল রানা
কলকাতা থেকে আসা যাত্রীর ব্যাগে মিলল ৩৮৯টি স্বর্ণের আংটিসহ বিপুল পরিমাণ গয়না, মামলা দায়ের
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি, পোখরাজ ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মূল্যবান পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯৬ ফ্লাইটে আসা এক যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালানের আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হয়। এ অভিযানে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনরত সি-শিফটের কর্মকর্তারা অংশ নেন।
একপর্যায়ে এমডি জনি রহমান (MD Jony Rahman) নামের ওই যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে ব্যাগের ভেতরে আচারের বোয়ামের মধ্যে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ খুলে পরীক্ষা ও জব্দ করা পণ্যের তালিকা প্রস্তুত (ইনভেন্টরি) করলে বিপুল পরিমাণ মূল্যবান অলংকার ও পাথরের সন্ধান পাওয়া যায়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড পাথর বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম; ১৫১টি প্লাটিনামের আংটি, ওজন ৪৫০ গ্রাম; সাদা স্বর্ণের তিনটি অলংকার; রুপার দুটি আংটি; পাঁচটি স্বর্ণের লকেট; একটি স্বর্ণের চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল।
এ ছাড়া ৪৫ ক্যারেটের বিভিন্ন আকারের ডায়মন্ড পাথর, পোখরাজ, রুবি ও অন্যান্য মূল্যবান পাথরসহ মোট ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে।
কাস্টমসের তথ্যমতে, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। অলংকারের সঙ্গে থাকা প্রত্যয়নপত্রের তথ্য অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
ব্যাগেজ ঘোষণা ছাড়াই বিপুল পরিমাণ মূল্যবান অলংকার ও পাথর দেশে আনার অভিযোগে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম সংশ্লিষ্ট থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষের পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।