সাইদ গাজী,সালথা, ( ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী হয়রানি, দালাল চক্রের মাধ্যমে রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো এবং আউটসোর্সিং কর্মচারী নিয়োগ ও চিকিৎসা সামগ্রী কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)সোমবার
(১২ অক্টোবর) দুপুরে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে হাসপাতালের বিভিন্ন বিভাগ, প্রশাসনিক শাখা ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি আউটসোর্সিং কর্মচারী নিয়োগপ্রক্রিয়া এবং মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী (এমএসআর) কেনাকাটাসংক্রান্ত নথিপত্রও খতিয়ে দেখছেন দুদক কর্মকর্তারা।
এ বিষয়ে ফরিদপুর জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মুস্তাফিজ জানান, হাসপাতালটিতে রোগী হয়রানি, দালাল চক্রের দৌরাত্ম্য এবং কেনাকাটায় অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান চালানো হচ্ছে। অভিযানটি চলমান রয়েছে। পর্যবেক্ষণ, নথিপত্র ও সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে বিস্তারিত জানানো হবে। এ সংবাদ লেখা পর্যন্ত অভিযানটি চলছিল।
তিনি আরও জানান, তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।