মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কিংবা অন্য প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবি সম্পাদনা করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ও দলের গ্রুপ ছবির সঙ্গে যুক্ত করে তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হিসেবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মো. আমিনুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। সম্প্রতি তাঁর ফেসবুক প্রোফাইল থেকে ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সেগুলো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ও রাজনৈতিক দলের গ্রুপ ছবির সঙ্গে যুক্ত করা হয়েছে। পরে এসব ছবি ব্যবহার করে তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হিসেবে প্রচার করা হচ্ছে।
আমিনুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি সংগ্রহ করে সম্পাদনা এবং তা ব্যবহার করে রাজনৈতিক পরিচয় সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করা তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুনামের জন্য ক্ষতিকর। তাঁর দাবি, গত ১১ অক্টোবর কৃষি মন্ত্রণালয় থেকে তিনি সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। এ অবস্থায় তাঁর পেশাগত পরিচয়ের বাইরে রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তিকর প্রচার চালানো হলে তা যাচাই করে প্রকৃত ঘটনা প্রকাশ করা জরুরি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যেসব ব্যক্তির ছবি বা রাজনৈতিক গ্রুপের ছবির সঙ্গে তাঁর ছবি যুক্ত করা হয়েছে, সেসব ফেসবুক প্রোফাইল ও মূল ছবির লিংকসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য-প্রমাণ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে এসব তথ্য যথাযথ কর্তৃপক্ষ ও সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে প্রস্তুত আছেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
আমিনুল ইসলাম সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তাঁর বিষয়ে প্রচারিত ছবিগুলোর সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ছবিগুলো প্রকৃত, সম্পাদিত নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে।
একই সঙ্গে তাঁর ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার বন্ধ করা, ইতোমধ্যে প্রকাশিত ছবি ও পোস্ট সরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, কাউকে অন্যায়ভাবে অভিযুক্ত করা তাঁর উদ্দেশ্য নয়। তিনি চান, প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হোক এবং তাঁর ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত সুনাম রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। এ জন্য তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রতিকার দাবি করেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি পুনরায় দাবি করেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাঁর ছবি ব্যবহার করে তাঁকে ওই দলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপনের প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।