সম্প্রতি রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মরহুমা সেলিনার মর্মান্তিক ও অকাল মৃত্যুকে কেন্দ্র করে পিডিবি বাংলা, দৈনিক গণমুক্তি, বাংলাদেশ সমাচার, সোনালী বার্তা এবং প্রতিদিনের কাগজসহ কয়েকটি সংবাদমাধ্যমে আমাকে (প্রধান শিক্ষক মো. সফিউদ্দিন মহি) জড়িয়ে প্রচারিত সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও মানহানিকর ‘পরকীয়া সংক্রান্ত’ সংবাদের প্রতি আমাদের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদসমূহে এই বিষয়টিতে মনগড়া তথ্য পরিবেশন করা হয়েছে। যা আমার দীর্ঘদিনের ব্যক্তিসুনাম, সামাজিক মর্যাদা এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।
মরহুমা শিক্ষিকার অকাল মৃত্যুতে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ গভীর শোকাহত এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
এমতাবস্থায়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে উক্ত বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রকাশ করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া অসত্য সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে,
(মো. সফিউদ্দিন মহি)
প্রধান শিক্ষক
রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়
শিবালয়, মানিকগঞ্জ