মোঃ আনিসুর রহমান শেলী:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন বলে অভিযোগকারী দাবি করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা মো. শাহ আলম জমি-সংক্রান্ত বিরোধের ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
তাঁর দাবি, বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে তদন্তের জন্য গত ২১ অক্টোবর ২০২৬ তারিখে কালিহাতী উপজেলা সার্ভেয়ার অফিস থেকে সার্ভেয়ার ঘটনাস্থলে যায়।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ে জমিতে উপস্থিত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যরা আহত হন বলে দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, হামলার সময় লোহার পাইপ, হাতুড়ি, রামদা, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে কয়েকজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পরে আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, চিকিৎসা চলাকালে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
অভিযুক্ত পক্ষের টাঙ্গাইল জেলা যুব বিভাগের সেক্রেটারি সুরুজ্জামান জানান, দুই পক্ষই বালু বিক্রির রাস্তা করেছি এখন বালু বিক্রির সময় হয়েছে তারা গাছ বুনেছে। জমিতে সার্ভেয়ার এসেছে আমাদের ডেকেছে আগের দুই মামলার তারা হেরে গেছে এবার ১৪৪ ধারা মামলায় সার্ভেয়ার এসেছে সে হক কথা বলায় তারা ক্ষেপে যায়, এক দুই কথা দুইবার হামলা চালায় আমাদেরও তিনজন আহত হয়েছে বলে তিনি জানান।
এবিষয়ে কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ মো.কাইয়ুম খান সিদ্দিকী জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে জানতে পেরেছি। এক পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।