ফৌজি হাসান খান রিকু
স্টাফ রিপোর্টার-
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি অভিযান শুরু করেছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির আটজন কর্মী একসঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারসংলগ্ন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে তাঁদের মধ্যে দুজন তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।