নাসির আহমেদ, কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় ৭৫ পিস ইয়াবাসহ জিহাদ মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পার-বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিহাদ মোল্লা ওই গ্রামের মৃত রাজ্জাক মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পার-বিষ্ণুপুর গ্রামে জিহাদ মোল্লার বাড়ির সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে তাকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক বিক্রির মাধ্যমে এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার জিহাদ মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক নির্মূল ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।