সাইদ গাজী,
ফরিদপুর জেলা,প্রতিনিধি:
ফরিদপুর শহরের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পুরো শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে চুরি, ছিনতাই, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ফরিদপুর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিসম্পন্ন ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন ডিভাইস উপহার দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সম্মানিত উপদেষ্টা ও ফরিদপুরের কৃতী সন্তান আলমগীর কবির।
এ সময় সংসদ সদস্যের কাছ থেকে উপহার হিসেবে দেওয়া ডিভাইসগুলো গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার।
এ উপলক্ষে আয়োজিত আলোচনায় শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু হলে অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের শনাক্তকরণ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে।
নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক ফরিদপুর গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।