সাইদ গাজী,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুটি বেকারি কারখানা সিলগালা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট ও ব্রেড উৎপাদন এবং বিক্রির দায়ে সুতলিয়া মধ্যপাড়ার বিল্লাল বেকারি এবং রূপাপাত বাজারের মিনহা বেকারি অ্যান্ড কনফেকশনারি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে হাবিব বেকারিকে ৫ হাজার টাকা, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে ফাইভ স্টারকে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণের দায়ে মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।