সাইদ গাজী,
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং বিভিন্ন সড়ক মেরামত ও সংস্কারের জন্য মোট ১২ কোটি ৫৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের চাহিদার পরিপ্রেক্ষিতে এসব প্রকল্প অনুমোদন করা হয়েছে বলে জানা গেছে।
অনুমোদিত প্রকল্পের আওতায় মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানসহ ৫১টি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৫৫ লাখ টাকা। পাশাপাশি ফরিদপুর-২ আসনের বিভিন্ন এলাকার সড়ক মেরামত ও সংস্কারের জন্য ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার মানুষের প্রয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়ে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্থানীয় সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। এতে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
ফরিদপুর-২ আসনের মানুষের জীবনমান উন্নয়ন, এলাকার সার্বিক অগ্রগতি এবং জনসাধারণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।