মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে কার্যত অচল হয়ে পড়ে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন। তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অন্তত ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শত শত শ্রমিক কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের অবস্থান ও অবরোধে ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে দুই মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষে পুরো শিল্পাঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানমাল ও নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে অন্তত ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, উত্তপ্ত পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের সময় পুলিশের সাউন্ড গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হন দৈনিক কালবেলার সাংবাদিক মামুন হোসাইন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর আহত হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে।
শ্রমিক আন্দোলন, সড়ক অবরোধ ও সংঘর্ষের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন ও পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর চৌরাস্তা ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল ও নিরাপত্তাব্যবস্থা।
তবে শ্রমিকদের দাবির বিষয়ে কার্যকর সমাধান এবং সংঘাত এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ ফ এখন সময়ের দাবি।