মো.হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে গাজীপুরের শিল্পাঞ্চলে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে টানা ৫ দিন ধরে বিশেষ নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালাচ্ছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় পেট্রোলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের একজন মহানগরের ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক নাহিদ সরকার।
অন্যদিকে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত বিভিন্ন ঘটনায় ১৫ থেকে ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এসব তথ্য জানান জিএমপি কমিশনার আশিক সাঈদ।
তিনি বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে নাশকতা, অগ্নিসংযোগ কিংবা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য কয়েক দিন ধরেই বিশেষ নজরদারি চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে পেট্রোলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাওয়া পেট্রোলের উৎস, বহনের উদ্দেশ্য এবং সম্ভাব্য সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আটক ব্যক্তিদের অন্যজন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা আপন। এ ঘটনায় তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ।
কমিশনার আশিক সাঈদ জানান, শ্রমিক আন্দোলন ঘিরে বিভিন্ন ঘটনায় ১৫ থেকে ১৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিটি ঘটনার তদন্ত চলছে। তদন্তে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবারও শিল্পাঞ্চলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। বিশেষ করে পোশাক কারখানাগুলোতে ছুটির সময় শ্রমিকদের নিরাপদে কর্মস্থল ত্যাগ নিশ্চিত করতে পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়। পুলিশের তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান কমিশনার।
শুধু শিল্পাঞ্চল নয়, ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি অব্যাহত ছিল। কারখানার উৎপাদন সচল রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে গোয়েন্দা নজরদারিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গাজীপুর দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্পাঞ্চল। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে লাখো শ্রমিকের জীবিকা, শিল্প উৎপাদন ও জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িত। ফলে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন ও সেই আন্দোলনকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহলের নাশকতার অপচেষ্টা, এই দুটিকে পৃথকভাবে বিবেচনায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জিএমপি কমিশনার আশিক সাঈদ।