সাইদ গাজী,
ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায়
ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ও পেছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি ট্রাক উল্টে এক্সপ্রেসওয়ের ওপর পড়ে যায়।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে এক্সপ্রেসওয়ের পুলিয়া-মালিগ্রাম এলাকার মাঝামাঝি একটি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত পবিত্র কুমার দাস (২২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সমুসপুর গ্রামের শুকলাল দাসের ছেলে। আহতরা হলেন একই উপজেলা রবিউল (৩০), হানিফ (২৮) ও সজিব (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে ফ্লাইওভারের ওপর একটি ট্রাক উল্টো পথে আসলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে অপর একটি গাড়ি ধাক্কা দিলে একটি ট্রাক উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন,খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সরকারি অ্যাম্বুলেন্সে তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।