
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইলে প্রকাশ্য দিবালোকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সুনীল রবি দাস নামে এক যুবক।
মৃত্যুর আগে তিনি লাইনের পাশে ফেলে যান একটি ছোট্ট চিরকুট। সেখানে কাঁপা হাতে লেখা ছিল— “মিস ইউ অল, ক্ষমা করে দিও মা।”এই কয়েকটি শব্দই যেন মুহূর্তেই স্তব্ধ করে দেয় পুরো এলাকা।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে মহানগরীর ৪০ নম্বর ওয়ার্ডের পূবাইল মাঝুখান এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। নিহত সুনীল রবি দাস ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ পিয়ন পদে কর্মরত ছিলেন।
ঘটনাস্থলে পাওয়া পরিচয়পত্র থেকে জানা গেছে, তার বাড়ি ঢাকার হাজারীবাগ এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য পথচারীদের মতো তিনিও রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন। দূর থেকে ট্রেন আসতে দেখে সবাই সরে দাঁড়ালেও সুনীল প্রথমে লাইনের পাশে নেমে যান। কিন্তু ট্রেনটি একেবারে কাছে পৌঁছে গেলে আচমকাই হাতে থাকা একটি চিরকুট লাইনের পাশে ছুঁড়ে ফেলে দ্রুত ট্রেনের নিচে ঝাঁপ দেন। মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে রেললাইনের পাশে পড়ে থাকা চিরকুটটি দেখতে পান। সেখানে লেখা শেষ কয়েকটি শব্দ পড়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য, যুবকটি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা দরকার।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল তৈরি করে। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবগত করা হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। জিআরপি পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন— কী এমন কষ্ট ছিল, যা একটি তরুণ জীবনকে শেষ বিদায়ের চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিতে বাধ্য করলো?