
মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট, মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া আলামত এবং গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জাল নোট তৈরি ও বিস্তারের নেপথ্যে আরও ব্যক্তির সম্পৃক্ততার তথ্য খতিয়ে দেখছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) রাতে টঙ্গীর মিলগেট এলাকার একটি বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে জিএমপি। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
জিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট এলাকার কামাল ও আমেনা বেগমের মালিকানাধীন একটি দোতলা ভবনের কক্ষে অভিযান চালানো হয়।
অভিযানের সময় সেখান থেকে বিপুল পরিমাণ জাল নোট, বিভিন্ন ধরনের মাদক, মাদক সেবনের সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ সময় কামালের ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্যের ভিত্তিতে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, জাল নোট, মাদক ও দেশীয় অস্ত্র একসঙ্গে উদ্ধারের ঘটনায় এটি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের কার্যক্রম হতে পারে। উদ্ধার হওয়া আলামত পরীক্ষা-নিরীক্ষা ও গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।