সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি: প্রতিমন্ত্রী শরিফুল আলম

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

 

সৈয়দ আলীউজ্জামান মহসিন : কিশোরগঞ্জ

 

বিএনপি কখনো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি; বরং আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের ভোটের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপি।

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরকে কেন্দ্র করে শনিবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আশফাক আহমেদ জুন, রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, “বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট নিয়ে এসেছে। বিএনপি কখনো অতীতে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি। আন্দোলন-সংগ্রাম করে, রক্ত ঝরিয়ে আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি। জনগণের ভোটেই দেশ পরিচালনার দায়িত্বে এসেছি।”

তিনি বলেন, জনগণের কাছে আবারও ফিরে যেতে হবে। সরকার কী করতে পেরেছে আর কী পারেনি—তার মূল্যায়ন জনগণই করবে। আগামী দিনে জনগণ কাকে ভোট দেবে, আর কাকে দেবে না, সেই সিদ্ধান্তও জনগণের হাতে বলে মন্তব্য করেন তিনি।

‘ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে লাভ হবে না’

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে শরিফুল আলম বলেন, অযথা বিভ্রান্তি ছড়িয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন কিংবা স্বৈরাচার প্রতিষ্ঠার জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে কোনো লাভ হবে না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। কোনো ঘটনা না ঘটলেও সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। “সময় দেওয়া যাবে না, সময় শেষ হয়ে গেছে, এই সরকারকে ফেলে দিতে হবে”—এ ধরনের অরাজনৈতিক ও বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

‘সবাইকে সঙ্গে নিয়ে দেশ এগিয়ে নিতে চাই’

প্রতিমন্ত্রী বলেন, একটি সরকার অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। সেই আন্দোলন-সংগ্রামে সবাই মিলে অংশ নিয়েছেন। যারা এখন বিভিন্ন কথা বলছেন, তারাও এই সংগ্রামের অংশ ছিলেন।

তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে চায় সরকার। শুধু অন্যের এজেন্ডা কিংবা মিডিয়া ট্রায়ালের জন্য বক্তব্য না দিয়ে বাস্তবসম্মত কথা বলার আহ্বান জানান তিনি।

কোনো বিষয়ে সমস্যা বা মতবিরোধ থাকলে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শরিফুল আলম বলেন, অযথা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া বা এখনই ছুড়ে ফেলে দেওয়ার মতো বক্তব্য দিয়ে কোনো লাভ নেই।

বক্তব্যের শেষাংশে তিনি পুনর্ব্যক্ত করেন, “বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews