
রিপোর্টার: সোহেল রানা
ঢাকা, ১৫ আগস্ট ২০২৬: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে চারটি আন্তর্জাতিক ফ্লাইটে পৃথক অভিযান চালিয়ে স্বর্ণ, বিদেশি মদ, শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ঔষধ, সিগারেট, নিষিদ্ধ ক্রিম ও সিরামসহ প্রায় ৪২ লাখ ৮৮ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সাফল্য পায় বিমানবন্দরের সি-শিফট।
ট্রলির গোপন স্থানে ১৩৩ গ্রাম স্বর্ণ
সিআইআইডি সূত্রে জানা যায়, SriLankan Airlines-এর UL189 (কলম্বো-ঢাকা) ফ্লাইটে এক যাত্রী স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে সি-শিফটের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করেন।
ফ্লাইটটি দুপুরে অবতরণের পর যাত্রী এমডি পারভেজ ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে তার ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন স্থানে লুকানো অবস্থায় ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এছাড়া তার লাগেজ থেকে ২ হাজার ৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ঔষধও জব্দ করা হয়। এসব পণ্য আমদানির বৈধ অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় স্বর্ণ ও ঔষধ জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বিদেশি মদ
পৃথক আরেক অভিযানে Air India-এর AI237 ফ্লাইটে আগত যাত্রী জনি মিয়ার ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার GRANTS ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এমিরেটস ফ্লাইটে সিগারেট ও নিষিদ্ধ সিরাম
একই দিনে Emirates-এর EK0586 ফ্লাইটে আগত যাত্রী মো. মিজানুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টুন সিগারেট এবং ৭০৮ পিস Pakistani Whiting Serum জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।
ইউএস-বাংলা ফ্লাইটে নিষিদ্ধ গৌরি ক্রিম
অপর এক অভিযানে US-Bangla Airlines-এর BS316 ফ্লাইটে আগত যাত্রী সুমা বেগমের ব্যাগেজ থেকে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম উদ্ধার করা হয়। জব্দকৃত ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
একদিনে ৪২ লাখ ৮৮ হাজার টাকার অবৈধ পণ্য জব্দ
১৫ আগস্ট পরিচালিত এসব অভিযানে মোট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২ হাজার ৫৮৯ পিস ঔষধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন তথ্য সংগ্রহ, যাত্রী প্রোফাইলিং এবং প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডি নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।