
মোঃ আনিসুর রহমান শেলী:
টাঙ্গাইলের কালিহাতীতে গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) উপলক্ষে জার্সি ও ট্রফি উন্মোচন, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বর্তমান তরুণ সমাজ একদিকে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে, অন্যদিকে বিভিন্ন ধরনের ডিভাইসের প্রতিও অতিরিক্ত আসক্ত হয়ে যাচ্ছে। এই আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, “একজন খেলোয়াড় কখনো মাদকসেবী হতে পারে না, একজন খেলোয়াড় কখনো সন্ত্রাসী হতে পারে না।” খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলা, পরিশ্রম, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনযাপনের শিক্ষা দেয়। তাই দেশের তরুণ সমাজকে নেশা ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চাও বাড়াতে হবে। তরুণদের মাঠমুখী করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা শকুর মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালদিঘী কালোহা পৌজান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর সভাপতি মো. লালমিয়া আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
পরে জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানের শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।