
নড়াইল প্রতিনিধি: মোঃ শওকত আলী
নড়াইল সদর ও লোহাগড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নড়াইল সদর উপজেলা বিএনপি, লোহাগড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নড়াইলে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। অপরদিকে লোহাগড়া উপজেলায় প্রধান ফটক থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপাশা চৌরাস্তার নিকটস্থ ঢাকা বাস কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “সকল ধরনের বিভেদ ভুলে বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে সমর্থন দেবে, তার বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি নিজ নিজ এলাকায় জনসমর্থন বৃদ্ধিতে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।