
ফৌজি হাসান খান রিকু,
স্টাফ রিপোর্টার –
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোয়ালীমান্দ্রা হাট সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে থেকে তাদের গ্রেফতার করে লৌহজং থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মুক্তা আক্তার (২৭) ও আইরিন ওরফে নেহা (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ পোদ্দার সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালীমান্দ্রা এলাকায় একটি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লৌহজং থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।