
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদায় বিদেশী মদসহ মোছাঃ বাছিরন নেছা (৪৫) ও মো: রাসেল ইসলাম (১৯) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বোদা থানা পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) বোদা উপজেলার সদর ইউনিয়নের বালাভির ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপনসূত্রে খবর পেয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাম্মেল হকের নির্দেশে বোদা থানার এসআই মোঃ আব্দুস সালাম, এসআই মোঃ আব্দুর রাজ্জাক, এএসআই সাজিদুর রহমান এর নেতৃত্বে সঙ্গী ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে বোদা ইউনিয়নের বালাভির ডাঙ্গাপাড়া গ্রামে ১২ বোতল বিদেশী মদসহ তাদের আটক করে। মোছাঃ বাছিরন নেছা বালাভির ডাঙ্গাপাড়া গ্রামের মো: ইসমাইল হোসেনের স্ত্রী ও মো: রাসেল ইসলাম একই গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক বিদেশী মদসহ মোছাঃ বাছিরন নেছা ও মো: রাসেল ইসলাম একই গ্রামের মো: ইসমাইল হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১৫, তাং-২০/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ রুজু করা হয়। তিনি বলেন মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক যোগদানের পর থেকে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।