
মোঃ আনিসুর রহমান শেলী :
টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও এমপি বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদকে দলীয় মনোনয়ন না দেওয়ায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপির একাংশ। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের স্থানীয় কলেজ মোড়ের বিজয়-৭১ চত্বরে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে এবং ঘণ্টাব্যাপী শ’ শ’ নেতাকর্মী রাস্তায় বসে স্লোগান দেয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সন্ধ্যায় অবরোধ তুলে নেওয়া হয়।
এদিন সকালে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলামের বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা শামীম মিয়া, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. আফজাল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইয়াছির আরাফাত শাওন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুন, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মুরাদ হাসান রুবেল সহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। ওই সভার সিদ্ধান্তে মঙ্গলবার বিকালে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
প্রকাশ, সোমবার বিকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহীর কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম ওবায়দুল হক নাসিরকে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়।